চাকসুর উদ্যোগে ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে প্রকাশিত আইনবিষয়ক ম্যাগাজিন ‘আইনের আলো’-এর মোড়ক উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য দপ্তরে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজকোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমরা অনেক সময় আইনকে খুব কঠিন বিষয় হিসেবে দেখি। কিন্তু বাস্তব জীবনে আমাদের নানা ধরনের আইনি সমস্যার মুখোমুখি হতে হয়। কারও মোবাইল ফোন চুরি হলে কী করতে হবে, পুলিশি হয়রানির শিকার হলে কোথায় যেতে হবে, কেউ ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য প্রচার করলে কীভাবে প্রতিকার পাওয়া যায়, জায়গা-জমি নিয়ে সমস্যা হলে কী ধরনের আইনি পদক্ষেপ নিতে হবে—এসব বিষয় একজন সাধারণ মানুষের জানা প্রয়োজন।’
তিনি বলেন, ‘এই বইটি সেই জায়গায় শিক্ষার্থীদের জন্য এক ধরনের “ফার্স্ট এইড অব ল” হিসেবে কাজ করতে পারে।’
চবি উপাচার্য বলেন, ‘আমরা সকলের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। শিক্ষা ও গবেষণায় মানসম্মত একটি বিশ্ববিদ্যালয় গড়তে চাই।’
‘আইনের আলো’ ম্যাগাজিনে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং মৌলিক আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।








আপনার মতামত লিখুন