খুঁজুন
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে দুই গবেষণাগার উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে দুই গবেষণাগার উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষা, গবেষণা ও ব্যবহারিক কার্যক্রম আরও সমৃদ্ধ করতে একটি বিদ্যমান গবেষণাগারের সংস্কার ও আধুনিকায়ন এবং একটি নতুন আধুনিক গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের অভ্যন্তরে অবস্থিত পূর্বের ‘Seafood Processing, Quality and Safety Laboratory’-এর সংস্কার ও আধুনিকায়নকৃত অংশ এবং খামার ভবনে নবনির্মিত ‘Advanced Analytical Laboratory’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন HEAT-ATF Sub-project (PIN-13571)-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) ও ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য Seafood Processing, Quality and Safety Laboratory-এর উদ্বোধন করেন। পরে খামার ভবনে গিয়ে Advanced Analytical Laboratory-এর নামফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ল্যাব ও প্রকল্পের ওয়েবসাইটও উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপাচার্য ও অতিথিরা ল্যাবের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ল্যাবে স্থাপিত আধুনিক যন্ত্রপাতির কার্যক্রম, ব্যবহারিক গুরুত্ব ও ভবিষ্যৎ গবেষণার সম্ভাবনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন। বিভিন্ন যন্ত্রের মাধ্যমে কী ধরনের নমুনা প্রস্তুত, বিশ্লেষণ ও গবেষণা করা যাবে, সে বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।

Advanced Analytical Laboratory-এ গবেষণা ও নমুনা বিশ্লেষণের জন্য রয়েছে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও সহায়ক সরঞ্জাম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো Fluorescence Fingerprinting Instruments এবং Fourier Transform Infrared (FTIR) Spectroscopy। এ ছাড়া আরও প্রায় ১৫ ধরনের যন্ত্রপাতি রয়েছে ল্যাবটিতে।

দ্রুত ও পরিবেশবান্ধব গবেষণায় গুরুত্ব

ল্যাবটির অন্যতম প্রধান গবেষণা লক্ষ্য হলো Fluorescence Fingerprint coupled with Chemometrics প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক খাদ্য ও মৎস্যজাত পণ্যের গুণমান ও নিরাপত্তা বিশ্লেষণের জন্য দ্রুত, আধুনিক ও নন-ইনভেসিভ পদ্ধতি উন্নয়ন করা।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যৌথ অর্থায়নে পরিচালিত HEAT উপপ্রকল্পের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপপ্রকল্পটির শিরোনাম ‘Development of a rapid, non-invasive and eco-friendly technology for seafood quality and safety analysis using Fluorescence Fingerprint coupled with chemometrics’।

এ প্রযুক্তির মাধ্যমে মাছ ও অন্যান্য সামুদ্রিক খাদ্যপণ্যের সতেজতা, গুণমান, রাসায়নিক পরিবর্তন, আসলত্ব এবং বিভিন্ন মান ও নিরাপত্তা সূচক দ্রুত মূল্যায়নের সুযোগ রয়েছে।

প্রচলিত পদ্ধতিতে খাদ্যের গুণগত মান নির্ণয় ও মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণে নমুনা প্রস্তুতিসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে তুলনামূলক বেশি সময় ও শ্রমের প্রয়োজন হয়। বিপরীতে, ফিঙ্গারপ্রিন্টিংভিত্তিক প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ে নমুনার রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা সম্ভব।

এ ছাড়া বিভিন্ন খাদ্যপণ্যে ভেজাল বা অনাকাঙ্ক্ষিত উপাদান শনাক্তকরণেও এ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। ফলে দ্রুততা, কম শ্রম এবং সহজ বিশ্লেষণ পদ্ধতির কারণে মৎস্য ও সামুদ্রিক খাদ্যপণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে প্রযুক্তিটি সম্ভাবনাময় বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পবিপ্রবির Advanced Analytical Laboratory শুধু আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি গবেষণাগার নয়; বরং দেশের মৎস্য ও সামুদ্রিক খাদ্য খাতের জন্য দ্রুত, পরিবেশবান্ধব ও নন-ইনভেসিভ মান নির্ণয় প্রযুক্তি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, গবেষক, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চবিতে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
চবিতে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে উত্তীর্ণ প্রার্থীদের বাদ দিয়ে দলীয়করণের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯:৩০ টার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “প্ল্যান প্ল্যান কিসের প্ল্যান, ভেরিফিকেশনের মাস্টার প্ল্যান”, “আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই” এবং “চাকরি নিয়ে প্রহসন, চলবে না চলবে না”—এমন নানা স্লোগান দেন।

চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে—বাংলাদেশ বন কর্পোরেশন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, জুট কর্পোরেশন ও ওভারসিজ এমপ্লয়িজসহ ১১টি প্রতিষ্ঠানে—দলীয় নেতাকর্মীদের চেয়ারম্যান পদে বসানো হয়েছে, যদিও এসব পদ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিব পদমর্যাদার জন্য নির্ধারিত ছিল। তিনি অভিযোগ করেন, একের পর এক দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে সরকার।

তিনি আরও বলেন, বিএনপি অতীতেও ফ্যাসিবাদী হয়ে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু কখনো সফল হয়নি এবং বাংলাদেশের জনগণ তা হতে দেবে না। তিনি জানান, সরকার একটি কমিটির মাধ্যমে স্কুলের শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিতে চেয়েছিল, কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তা বাস্তবায়ন করতে পারেনি। এছাড়া, উত্তীর্ণ প্রার্থীদের সুপারিশ বা গেজেট প্রকাশ না করে ছোট ছোট ভেরিফিকেশনের অজুহাতে তাদের বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে।

হাবিব সরকারের উদ্দেশে বলেন, “বাংলাদেশের জনগণ যেভাবে চায়, জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে দেশ পরিচালনা করুন। তাহলে জনগণ ও সব রাজনৈতিক দল সহযোগিতা করবে।” তিনি সতর্ক করে বলেন, বারবার মানুষকে ক্ষুব্ধ করা প্রমাণ করে সরকারের পাঁচ বছর মেয়াদ পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, তবে তিনি প্রত্যাশা করেন দীর্ঘ ১৭ বছর পর পাওয়া এই ম্যান্ডেট সরকার সুষ্ঠুভাবে কাজে লাগাবে।

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতার আন্দোলন। কিন্তু তিনি অভিযোগ করেন, এরপর গঠিত অন্তর্বর্তী সরকার গণআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়ে নির্বাচন দেয়, আর নির্বাচন-পরবর্তী সরকারও একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে জনগণকে হতাশ করেছে। তিনি বলেন, তেল-গ্যাস-জ্বালানি সংকটে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে, আর দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে পরীক্ষা-ভাইভায় উত্তীর্ণ হওয়ার পরও চাকরিপ্রার্থীরা নতুন নতুন বাধার মুখে পড়ছেন।

ভূঁইয়া বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষা ও ভাইভায় উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তবে তিনি আশা প্রকাশ করেন, সারাদেশের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে এই পরিকল্পনাও ব্যর্থ হবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, মেয়াদ পূর্ণ করতে চাইলে ছাত্রসমাজ ও জনগণবিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, নইলে জনরোষের মুখে পড়তে হতে পারে।

বিক্ষোভ মিছিলে চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবিতে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল প্রার্থী জিয়ার সৈনিক না হলে তাকে পরীক্ষায় বসতেই দিয়েন না: আম্মার ববিতে পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে দুই গবেষণাগার উদ্বোধন রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অভিষেক হলো আইটিইটি’র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পবিপ্রবির ছাত্রকে মারধর-ছিনতাই ও ছাত্রীকে হেনস্তায় ৫ জনের বিরুদ্ধে মামলা প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান চিত্ত মিডিয়ার জুয়েলের সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ