বাঞ্ছারামপুরে যুবককে গুলি করে হত্যা, মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রিমন মিয়া (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) বেলা ৩টার দিকে উপজেলার শেখ হাসিনা কলেজ মাঠের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিমন উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ফোরকান মিয়ার ছেলে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও গুলি করে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কয়েকজন পথচারী রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে নিহতের চাচাতো বোন নাহার আক্তার ঘটনাস্থলে এসে মরদেহটি রিমনের বলে শনাক্ত করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, নিহতের মরদেহের আলামত দেখে এটি নিশ্চিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তিনি বলেন, “নিহতের নাকের ডগা দিয়ে গুলি বের হওয়ার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এছাড়া মরদেহের পাশ থেকে একটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।”
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।








আপনার মতামত লিখুন