চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হল সংসদের উদ্যোগে প্রায় ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, চাকসুর সহসভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, শহীদ আবদুর রব হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মনির হোসেন, সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. আবু বক্কর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আশিকুর রহমান আসিফসহ চাকসু ও হল সংসদের অন্যান্য নেতারা।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।








আপনার মতামত লিখুন