আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমান আর চৌধুরী অপসারিত
খেলাপি ঋণ গোপনসহ নানা অনিয়মের অভিযোগ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে অনাপত্তি দিয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) পরিচালনা পর্ষদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, অপসারণে অনাপত্তি দেওয়ায় তার এমডি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ আর নেই।
গত ১৩ এপ্রিল ফরমান আর চৌধুরীকে খেলাপি ঋণের তথ্য গোপন, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, বেতনভাতার বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ ও ফেরত না দেওয়া, সিএসআর তহবিল অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরবর্তীতে তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে অপসারণের সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
বাংলাদেশ ব্যাংক গত বছর ৩ সেপ্টেম্বর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পূর্বের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ নিয়োগ দেয়। লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ারের নেতৃত্বে গঠিত নতুন পর্ষদ ব্যাংক পরিচালনার দায়িত্ব নিয়ে বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে।
ফরমানের পাশাপাশি সেই সময় ব্যাংকের সিএফও মোহাম্মদ নাদিম, আইটি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এই তিনজন এখনও ছুটিতে রয়েছেন।
সরকার পরিবর্তনের পর এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন হয়েছে। অনিয়ম ও জালিয়াতি তদন্তে বিশেষ অডিট চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক।








আপনার মতামত লিখুন