হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
নারীর মাসিক স্বাস্থ্য নিয়ে লজ্জা, কুসংস্কার ও ভুল ধারণা দূর করতে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রজেক্ট অধরা’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা।
মঙ্গলবার (৪ নভেম্বর) ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন হাই স্কুলে
আয়োজিত এ কর্মশালাটির মূল শ্লোগান ছিল ‘আমাদের দেহ, আমাদের যত্ন’।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী হায়দার, হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ সনের ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক, চিফ অফ স্টাফ কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ, চিফ স্ট্র্যাটেজিস্ট কারিন সাফফানা এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এছাড়া প্রকল্পটির নেতৃত্ব দেন তানজিফ হাসান, নিশাত তাহসিন চৌধুরী এবং কমিউনিটি এনগেজমেন্ট টিমের সদস্যরা। তারা মাসিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সঠিক জ্ঞান প্রদান এবং সামাজিক ভ্রান্ত ধারণা দূর করার গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা, যেখানে মাসিক বিষয়ে খোলামেলা আলোচনা করা যায়। এতে আলোচনা করা হয় মাসিকের প্রক্রিয়া, পরিচ্ছন্নতা বজায় রাখার নিয়ম, স্বাস্থ্যকর অভ্যাস ও মানসিক সুস্থতা রক্ষার উপায় নিয়ে।
শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় উপহার প্যাকেট। শেষে শিক্ষার্থী, শিক্ষকরা মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
আয়োজকরা বলেন, ‘নারীর মাসিক স্বাস্থ্য কোনো লজ্জার বিষয় নয়— এটি শরীরের একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এটি লুকিয়ে না রেখে, বোঝা ও যত্ন নেওয়া উচিত। কারণ, ‘আমাদের দেহ, আমাদের যত্ন— প্রতিটি চক্রেই গুরুত্বপূর্ণ।’








আপনার মতামত লিখুন