বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (০৮ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো “বিশ্ববিদ্যালয় দিবস–২০২৫”। দিবসটি ঘিরে সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যপূর্ণ আবহ।
দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন। জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ সূচনা ঘোষণা করেন তিনি। উদ্বোধনী পর্বে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন পরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন।
পতাকা উত্তোলনের পর ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়, যা বিশ্ববিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের আয়োজন করা হয়।

দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু ডিগ্রি অর্জনের পথ নয়; এটি নীতি-নৈতিকতা ও চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে জীবনে ধারণ করাই শিক্ষার্থীদের মূল অর্জন।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার পথে শিক্ষার্থীদের সবচেয়ে বড় শক্তি হলো মায়ের দোয়া। মায়ের আশীর্বাদই জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। আলোচনা সভার সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফারক হোসেন।
বক্তারা বিশ্ববিদ্যালয় দিবসকে শিক্ষা, গবেষণা, মানবিকতা ও নতুন অঙ্গীকারের দিন হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে প্রতিষ্ঠালগ্ন থেকে সাম্প্রতিক অর্জনগুলো তুলে ধরা হয়।
দিবসটি উপলক্ষে বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটিকা দর্শকদের মুগ্ধ করে।
দিনব্যাপী সব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।








আপনার মতামত লিখুন