স্বাস্থ্য অধিকারে বিচারিক হস্তক্ষেপ ও জনস্বার্থ মামলা নিয়ে বাইউস্ট ল’ ক্লাবের সেমিনার

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগের উদ্যোগে বাইউস্ট ল’ ক্লাব কর্তৃক “স্বাস্থ্য অধিকারে বিচারিক হস্তক্ষেপ: জনস্বার্থ মামলার ক্রমবর্ধমান ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো. নায়ীম আলীমুল হায়দার।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. রামা ইসলাম এবং কুমিল্লা জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহমুদা খানম (শিল্পী)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও ল’ ক্লাবের সহ-উপদেষ্টা দীপান্বিতা কুণ্ডু রুমকী, সহকারী অধ্যাপক তানজিলা তামান্না, প্রভাষক মো. শামীম আহমেদসহ আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দীপান্বিতা কুণ্ডু রুমকী। তিনি সেমিনারটির প্রাসঙ্গিকতা, লক্ষ্য ও একাডেমিক গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্বের কথা উল্লেখ করেন।
প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার রাশনা ইমাম সংবিধান প্রদত্ত স্বাস্থ্য অধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং স্বাস্থ্য খাতে জনস্বার্থ মামলা (পিআইএল) ও বিচারিক হস্তক্ষেপের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি স্বাস্থ্য খাতে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আদালতের সক্রিয় ভূমিকা ও গুরুত্বপূর্ণ বিচারিক সিদ্ধান্তের উদাহরণ তুলে ধরেন।
সেমিনারের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো. নায়ীম আলীমুল হায়দার। তিনি সেমিনারের বিষয়বস্তুর সময়োপযোগিতা তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের একাডেমিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, সেমিনার শেষে বাইউস্ট প্লাজায় একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আইন শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার ও সাংবিধানিক বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







আপনার মতামত লিখুন