প্রথম জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের একক আধিপত্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল গুরুত্বপূর্ণ তিনটি পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)—সব পদেই স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছেন প্যানেলটির প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ফলাফলে দেখা যায়, ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে ভোটের ব্যবধান দাঁড়ায় ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ ক্ষেত্রে ব্যবধান ৩ হাজার ২৬৭ ভোট, যা নির্বাচনে অন্যতম বড় ব্যবধান হিসেবে বিবেচিত হচ্ছে।
সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মাসুদ রানা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।
নির্বাচনের ফলাফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতিতে শিবির সমর্থিত প্যানেলের শক্ত অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।








আপনার মতামত লিখুন