খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈধপথে স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
বৈধপথে স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করবে এনবিআর

বৈধপথে স্বর্ণ আমদানি করতে আগ্রহী ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করা হলে এনবিআর সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিয়মিত আয়োজন ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, যারা সত্যিকার অর্থে স্বর্ণ আমদানি করতে চান, তাদের সেই সুযোগ দেওয়া উচিত। অথচ বর্তমানে দেশে ব্যবহৃত ও আমদানিকৃত অধিকাংশ স্বর্ণই অবৈধ পথে আসছে। এমনকি এই অবৈধ প্রক্রিয়ায় এনবিআরের কিছু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি এনামুল হক খানের নেতৃত্বে স্বর্ণ ও গহনা খাতের ব্যবসায়ীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ব্যবসায়ীরা তাদের খাতসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ ব্যবসা খাত দীর্ঘদিন ধরে চোরাচালান, দুর্বল কমপ্লায়েন্স এবং নীতিগত ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত। এই খাতে শৃঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে রাজস্ব বোর্ড কাজ করছে।
তিনি আরও বলেন, ব্যবসার প্রকৃত লেনদেন সঠিকভাবে নথিভুক্ত করা হলে ভবিষ্যতে টার্নওভার ট্যাক্স আরোপের প্রয়োজন হবে না। বরং প্রকৃত মুনাফার ভিত্তিতে কর আদায়ের পরিকল্পনা করছে সরকার।

স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে অনেক সময় জীবনহানির ঘটনাও ঘটে উল্লেখ করে আবদুর রহমান খান বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। তাই পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল ও নিরাপদ আমদানি ব্যবস্থা গড়ে তোলার এখনই সময়, যা ব্যবসায়ীদের ঝুঁকি কমাবে এবং খাতটির উন্নয়ন নিশ্চিত করবে।

এনবিআর চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে স্বর্ণ ব্যবসায়ীরাও স্বীকার করেন যে দেশে অবৈধ পথে স্বর্ণ আসছে। তবে তারা এই অপবাদ ও জটিলতা থেকে মুক্তি চান।

ব্যবসায়ীরা বলেন, আমদানির পথ সহজ করা হলে অবৈধ বাণিজ্য কমবে এবং বাজারে স্বচ্ছতা আসবে। তারা চোরাকারবার নয়, বরং ভ্যাট ও করের আওতায় বৈধভাবে ব্যবসা করতে চান। এ লক্ষ্যে আমদানি সহজ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাজুস।

বাজুসের এক নেতা অভিযোগ করেন, অতীতে সরকার স্বর্ণ আমদানির জন্য ১৮টি লাইসেন্স দিলেও এর মধ্যে অন্তত ১০ জন প্রকৃত ব্যবসায়ী ছিলেন না। গহনা খাতের সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন ব্যক্তিদের, এমনকি একজন ক্রিকেটারকেও লাইসেন্স দেওয়া হয়েছে, অথচ প্রকৃত ব্যবসায়ীরা বাদ পড়েছেন। তাদের দাবি, চোরাকারবারিরা মূলত আইনি ঝামেলা এড়াতে লাইসেন্স সংগ্রহ করে। তাই বৈধ আমদানির জন্য প্রকৃত ব্যবসায়ীদেরই লাইসেন্স দেওয়া উচিত।

আরেক ব্যবসায়ী জানান, ব্যাংকগুলো গহনা খাতে ঋণ দিতে অনাগ্রহী, যা ব্যবসার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমদানি প্রক্রিয়ার জটিলতার কারণে প্রতিবেশী দেশ ভারত, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের তুলনায় দেশের বাজারে প্রতি ভরিতে অন্তত ৩০ হাজার টাকা বেশি দামে স্বর্ণ বিক্রি করতে হচ্ছে। ফলে অনেক সময় অবৈধ উৎসের ওপর নির্ভর করতে বাধ্য হন তারা।

ব্যবসায়ীরা আরও বলেন, স্বর্ণ ব্যবসায় বিপুল মূলধনের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে শুল্ক কাঠামো সহজ করার সুযোগ রয়েছে। বর্তমানে স্বর্ণের দাম ৯০ হাজার টাকা থেকে ২ লাখ ৩০ হাজার টাকা হলেও আমদানিতে প্রতিবার নির্ধারিত শুল্ক দুই হাজার টাকা রাখা হয়েছে, যা একটি ব্যতিক্রমী ব্যবস্থা।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাটের ক্ষেত্রেও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যৌক্তিক কাঠামো তৈরি করতে হবে। একই সঙ্গে কর প্রদান সহজ করতে এবং সঠিক তথ্য জমা নিশ্চিত করতে আলাদা একটি ডিজিটাল অ্যাপ্লিকেশন তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা