আ.লীগ নেতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই লালমোহনের সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
এ ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুজন রহমান নামের একজন বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ এমন কোন নির্যাতন নাই, যা বিএনপি নেতাকর্মীদের উপর করেনি। অথচ এখন নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আওয়ামী লীগের সাবেক নেতার কবর জিয়ারত করছেন।
শামীম হাসান নামের আরেকজন জানান, মৃত মানুষদের কবর জিয়ারতে সমস্যার কিছু নেই। তবে আওয়ামী লীগের ভোট টানার কৌশলের কারণে যদি এটা হয়ে থাকে, তাহলে অবশ্যই সমস্যা আছে। বিএনপির নেতাকর্মীরা দেড়যুগ ধরে বহু নির্যাতন সহ্য করেছে। সেগুলো ভুলে যাওয়ার কোন উপায় নাই।
হারুন মাতাব্বর নামের একজন বলেন, ভোলা সর্বোচ্চ জুলাই শহীদের জেলা। লালমোহন ও তজুমদ্দিনে অনেক শহীদ রয়েছেন। তিনি এখনও পর্যন্ত কোন জুলাই শহীদের কবর জিয়ারত করেছেন বলে আমরা শুনিনি। দু’দিন আগেই তিনি বলেছেন গণভোটের আইনগত ভিত্তি নাই। অথচ যে আওয়ামী লীগ ওনাকে ১৭ বছর লালমোহনে আসতে দেয়নি, সর্বশেষ জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, তারাই এখন ওনার প্রিয় হয়ে গেছে। এসবের আইনগত ভিত্তি আছে কিনা- সেটি উনি ভালো বলতে পারবেন।
এ বিষয়ে জানার জন্য মেজর (অব.) হাফিজ উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।








আপনার মতামত লিখুন