জাককানইবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক বিপণন কৌশল নিয়ে সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক বিপণন কৌশল বিষয়ে একটি বিশেষ একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে ‘From Data to Decision: The Future of Marketing in the Age of AI’ শীর্ষক এই সেমিনারটি সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সেমিনারে মার্কেটিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে বিপণন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবধর্মী ধারণা দেওয়া।
প্রধান বক্তা হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন নেসলে বাংলাদেশ পিএলসি-এর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানিং (ফুড অ্যান্ড বেভারেজ) শাখার লিড ফয়সাল আলম এবং ডিমান্ড অ্যান্ড সাপ্লাই প্ল্যানার কাজী সামি আল-জাবির। তারা করপোরেট জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে আধুনিক মার্কেটিংয়ে ডেটার ব্যবহার, বিশ্লেষণ পদ্ধতি এবং এআই-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ব্যাখ্যা করেন।
বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং বৈশ্বিক চাকরির বাজারে টিকে থাকতে আধুনিক ডেটা ও এআই জ্ঞান অর্জনের আহ্বান জানান।
সেমিনারের শেষ পর্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ডেটা অ্যানালিটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আমন্ত্রিত বক্তারা এসব প্রশ্নের বিস্তারিত উত্তর ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজকরা জানান, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মজগতের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








আপনার মতামত লিখুন