আগামীকাল শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর তারেক রহমান সাক্ষাৎ করবেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম-এর সঙ্গে। এ জন্য আগামীকাল রোববার তাঁদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের মোট আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। এছাড়া আরও দুটি আসনে বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে।
এবারের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারেক রহমান। তিনি ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হন।
বিপুল ব্যবধানে জয়লাভ করায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, জনগণের এই রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
উল্লেখ্য, এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল। সে সময় বিএনপি এককভাবে ১৯৩টি আসন এবং জোটের শরিকসহ মোট ২১৬টি আসন পায়। তখন প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।








আপনার মতামত লিখুন