পাবিপ্রবিতে সলভার গ্রিনের ‘আনলকিং রিসার্চ ২.০’ প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সলভার গ্রিনের উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দুই মাসব্যাপী ‘আনলকিং রিসার্চ ২.০’ প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর এক্সাম হল বিল্ডিংয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফিরোজ আলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তৌকীর আহমেদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র ঘোষ, সলভার গ্রিনের সভাপতি আল মুত্তাকীন শুভসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বলেন, গবেষণা সম্পর্কে শিক্ষার্থীদের আগে পরিষ্কার ধারণা থাকতে হবে। বর্তমান সময়ে গবেষণার ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে; এখন একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীও মেডিকেলসহ বিভিন্ন আন্তঃবিভাগীয় বিষয়ে গবেষণা করতে পারে।
তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১০৮টি গবেষণা প্রকল্পে প্রায় ১৮০ জন শিক্ষার্থী যুক্ত রয়েছে, যা শিক্ষার্থীদের গবেষণামুখী হতে অনুপ্রেরণা জোগাচ্ছে।
তিনি আরও বলেন, গবেষণার জন্য ধৈর্য অত্যন্ত প্রয়োজন। অনেক শিক্ষার্থী মূলত উচ্চশিক্ষার জন্য বিদেশে স্কলারশিপ পাওয়ার লক্ষ্যেই গবেষণায় যুক্ত হয়। বিদেশে স্নাতকোত্তর সম্পন্ন করলে ক্যারিয়ারের সম্ভাবনা বাড়ে এবং তুলনামূলক কম সময়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।








আপনার মতামত লিখুন