বিদ্যুতের প্রিপেইড মিটার মাসিক চার্জ বাতিল করল সরকার
সরকার ঘোষণা করেছে, প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ পুরোপুরি বাতিল করা হলো। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, দীর্ঘদিন ধরে এই চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছিল।
মন্ত্রী বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে এবং একটি জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা মিটার চার্জ সম্পূর্ণভাবে তুলে দিচ্ছি। এখন থেকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের আর মাসিক অতিরিক্ত চার্জ দিতে হবে না।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা মিটার রক্ষণাবেক্ষণ বা ভাড়া হিসেবে কেটে নেওয়া হতো। বহু গ্রাহক দীর্ঘদিন এই চার্জ দিয়ে আসছেন এবং প্রশ্ন তুলেছেন, মিটারের প্রকৃত দাম বহু আগেই আদায় হয়ে যাওয়ার পরও কেন বাড়তি টাকা কাটা হচ্ছিল।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, আগের সময় মিটার কেনায় অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে বোঝা সাধারণ গ্রাহকদের উপর চাপানো হতো। বর্তমান সরকার গ্রাহকের অর্থ সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফেরানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে।
এবার থেকে দেশের প্রিপেইড মিটার ব্যবহারকারীরা আর মাসিক চার্জ নিয়ে চিন্তিত হবেন না, যা জনসাধারণের জন্য বড় ধরনের স্বস্তি ও অর্থসাশ্রয় নিশ্চিত করবে।








আপনার মতামত লিখুন