সৌরবিদ্যুতে বড় বিনিয়োগ, ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের পথে বাংলাদেশ
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। একই সঙ্গে ব্যক্তি ও বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করতে চলতি বাজেটে কর-সুবিধা অব্যাহত রাখা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২০ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত ‘উন্নয়ন কণ্ঠস্বর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। দায়িত্ব গ্রহণের পর জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক সংঘাত ও অস্থিরতার কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, সমুদ্রসীমা অর্জনের পরও অতীতে সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। অথচ এ ক্ষেত্রে প্রতিবেশী কয়েকটি দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি কল্যাণমুখী ও টেকসই রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এ খাতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও কারিগরি সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার অংশ হিসেবে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে নীতিগত সহায়তা ও কর-সুবিধা অব্যাহত রাখা হয়েছে।








আপনার মতামত লিখুন