প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখতে চাঁদপুরজুড়ে মানুষের ঢল

আজ ১৬ মে চাঁদপুর সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই চাঁদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিস্থলে জড়ো হন।
বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী, পুরুষ, তরুণ ও বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন।
অনেকেই জানান, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন ঘিরে জেলায় উৎসবের আবহ তৈরি হয়েছে। কেউ মোবাইল ফোনে মুহূর্ত ধারণ করছেন, কেউ আবার স্লোগানে মুখর করে তুলছেন পুরো এলাকা।
এদিকে সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও কর্মসূচিস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের চলাচল ও অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
স্থানীয়দের মতে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে চাঁদপুরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১২টা ৩০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এছাড়া দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে বিরতি শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে।








আপনার মতামত লিখুন