রোনালদোর জোড়া গোলে ৫-০ ব্যবধানে পর্তুগালের জয়
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া গোল করেছেন নুনো মেন্দেস ও রাফায়েল লিও। অপর একটি গোল আসে প্রতিপক্ষের আত্মঘাতী ভুল থেকে।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল।

ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো। সতীর্থের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে উজবেকিস্তানের জাল কাঁপান তিনি। এই গোলের মাধ্যমে দলকে এগিয়ে দেন পর্তুগিজ অধিনায়ক।

এর কিছুক্ষণ পর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায়, তখন চমক দেখিয়ে বল ছেড়ে দেন সতীর্থ মেন্দেসের জন্য। তার নিচু শট মানবপ্রাচীর এড়িয়ে জড়িয়ে যায় জালে।
প্রথমার্ধে উজবেকিস্তানও কয়েকটি আক্রমণ শানায়। আজিজ গানিয়েভের দূরপাল্লার এক শট জালে জড়ালেও ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল করা হয়। বিল্ডআপে ফাউলের প্রমাণ পাওয়ায় গোলটি গ্রহণ করেননি ম্যাচ রেফারি।
বিরতির পরও পর্তুগালের আধিপত্য অব্যাহত থাকে। ৫৯তম মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমণে উজবেকিস্তানের ডিফেন্ডার আবদুকোদির খুসানভের গায়ে লেগে বল জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলের সুবাদে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

এরপর ম্যাচের শেষদিকে আরও ভয়ংকর হয়ে ওঠে ইউরোপিয়ান দলটি। রোনালদো নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-০ করেন। আর ৮৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক শটে পঞ্চম গোলটি করেন রাফায়েল লিও।
ডান প্রান্ত থেকে নেলসন সেমেদোর কাট-ব্যাক পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে বল জালে জড়ান লিও। তার সেই গোলেই ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল পর্তুগাল। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে।








আপনার মতামত লিখুন