খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে চাকসুর উদ্যোগে ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
চবিতে চাকসুর উদ্যোগে ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ক্যাম্পাসে দিনব্যাপী ‘ক্যারিয়ার সামিট চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলছেন, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জব ফেয়ারের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান। পরে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ক্যারিয়ার সামিটের বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। বিকেলে একই স্থানে সমাপনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্টল পরিদর্শন শেষে উপাচার্য মোহাম্মদ আল্-ফোরকান বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগও তৈরি হয়।

ক্যারিয়ার সামিটে তিনি বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের মূল চাবিকাঠি হলো নিজেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদান করে না, কর্মক্ষেত্রে প্রতিযোগিতার উপযোগী গ্র্যাজুয়েট তৈরি করাও এর দায়িত্ব। তাই পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।

উপাচার্য আরও বলেন, একটি মানসম্মত জীবনবৃত্তান্ত একজন চাকরিপ্রার্থীর প্রথম পরিচয়। তাই সিভি এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে একজন প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও সম্ভাবনা যথাযথভাবে ফুটে ওঠে।

উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ আল-আমীন বলেন, এ আয়োজন সময়োপযোগী। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্নভাবে উপকৃত হবে। তিনি সঠিকভাবে সিভি লেখার দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) মো. সফিকুল ইসলাম বলেন, চাকসু ধারাবাহিকভাবে শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নিচ্ছে। জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পেয়েছে।

আয়োজকদের ভাষ্য, দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, শিল্প গ্রুপ, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও শিক্ষা পরামর্শক সংস্থা অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও স্নাতক সম্পন্ন করা চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে সরাসরি সিভি জমা দেন। পাশাপাশি মানবসম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং চাকরির প্রস্তুতি বিষয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা