নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, ৮ রুশ নাগরিকসহ আহত ১২
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৮ জন রুশ নাগরিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের সহকারীর নাম আফরোজ। তিনি নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার মোহাম্মদ আনুর ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের হযরতপুর থেকে পেঁয়াজ-রসুন বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস তালবাড়িয়া এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার আফরোজ নিহত হন।
দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ বাসে থাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৮ জন রুশ নাগরিক এবং আরও কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজন রুশ নারী রয়েছেন।
খবর পেয়ে গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক করা হয়।
রাতেই গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








আপনার মতামত লিখুন