ইবিতে শিক্ষকের স্ত্রীর নিয়োগ বিতর্ক, খতিয়ে দেখতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনিনের নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এতে অভিযুক্তের পূর্বের অ্যাকাডেমিক ফলাফল খতিয়ে দেখতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে বিভিন্ন মাধ্যমে আনিত নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলো হলো, একাডেমিক ক্রাইম করে রেজাল্ট বৃদ্ধি, নিয়োগ বোর্ডের আগের দিন এক্সপার্টের সঙ্গে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ, সাংবাদিককে বিকাশে টাকা পাঠিয়ে ম্যানেজ করার চেষ্টাসহ বিভাগের সভাপতির তথ্য দিতে গড়িমসি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন।
ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. রোকসানা মিলিকে আহবায়ক ও একাডেমিক শাখার কর্মকর্তা মো: শহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন থিওলজি অনুষদের ডীন ও সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ড. সেকান্দার আলী।
এ বিষয়ে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, ডিন অফিসে চিঠি এসেছে। জরুরি কাজে একটু ঢাকায় যাচ্ছি। ঢাকা থেকে এসে বিষয়টি আমি দেখব।








আপনার মতামত লিখুন