খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা শিক্ষার মান ও কর্মসংস্থান বাড়াবে: ইউজিসি সদস্য ড. মামুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে বিভিন্ন শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সমঝোতা শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং কর্মসংস্থানমুখী দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (৫ আগস্ট) যবিপ্রবিতে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পারস্পরিক সহযোগিতা’ বিষয়ক সেমিনার এবং পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পাঁচটি ইন্ডাস্ট্রির সঙ্গে যবিপ্রবির ন্যানোমেটেরিয়ালস অ্যান্ড এনভাইরোনমেন্টাল মেটেরিয়ালস (নেম) ল্যাবের সমঝোতা স্মারক সই হয়েছে। যবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন ও ইন্ডাস্ট্রিগুলোর পক্ষে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ ধরনের অংশীদারিত্ব শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা, গবেষণা এবং কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যবিপ্রবির এই সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও যুগোপযোগী করবে এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনাও বৃদ্ধি করবে।

ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লাভবান হবে বলে উল্লেখ করে যবিপ্রবি উপাচার্য বলেন, এই সমঝোতার ফলে তাত্ত্বিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যবর্তী দূরত্ব দূর হবে, যা শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাত উভয়ের জন্যই এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই শিল্প খাতের আধুনিক প্রযুক্তি ও কাজের পরিবেশের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ইন্টার্নশিপ ও সরাসরি কর্মসংস্থানের সুযোগ পাবে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী তাদের কারিকুলাম সংস্কার করতে পারবে এবং বিভিন্ন যৌথ গবেষণার জন্য ফান্ডিং ও কারিগরি সহায়তা পাবে। শিল্প খাতও সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তুত ও দক্ষ মানবসম্পদ নিয়োগের সুবিধা পাবে, যা তাদের কর্মীদের প্রশিক্ষণ খরচ কমাবে এবং একাডেমিক গবেষণাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক নানা চ্যালেঞ্জের নতুন ও উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে সাহায্য করবে।

যবিপ্রবির নেম ল্যাবের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে ফেয়ারমেট কেমিক্যাল লি., রাখি কসমেটিকস অ্যান্ড কনজুমার প্রডাক্ট’স, লুমিনাস গ্রুপ লি., নর্দান এগ্রো সার্ভিস লি., রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) গ্রীণ বায়োটেক টিস্যু কালচার ল্যাবের (জিবিটিসিএল)। এছাড়া আরও ৫২ টি ইন্ডাস্ট্রির সঙ্গে নেম ল্যাবের সমঝোতা স্বারক দ্রুতই সই হবে বলে জানান নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান।

সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো. মিজানুর রহমান, নেম ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান, ফেয়ারমেট কেমিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. দেবাশীস বড়ুয়া, রাখি কসমেটিকস অ্যান্ড কনজুমার প্রডাক্ট’স-এর সিও ভিক্টর সাহা, লুমিনাস গ্রুপ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসাইন, নর্দান এগ্রো সার্ভিস লিমিটেডের পরিচালক সাকিব ফরহাদ, যশোর ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুর রহিমসহ দেশের স্বনামধন্য বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রধানগণ।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা