সিনেটে আওয়ামীপন্থী শিক্ষকদের অংশগ্রহণের প্রতিবাদে চবি ছাত্রশিবিরের অবস্থান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশনে আওয়ামীপন্থী শিক্ষকদের অংশগ্রহণের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন তাঁরা।
এ সময় নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’, ‘বাহ প্রশাসন চমৎকার, স্বৈরাচারের পাহারাদার’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘ফ্যাসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
অবস্থান কর্মসূচি শেষে বক্তব্য দেন চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি ও আন্তর্জাতিক ও মানবাধিকারবিষয়ক সম্পাদক সাঈদ বিন হাবিব।
ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আওয়ামীপন্থী শিক্ষকদের সিনেট অধিবেশনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার মাধ্যমে তাঁদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ছাত্রশিবির কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন মেনে নেবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আওয়ামীপন্থী সিনেটরদের বিষয়ে দেওয়া আশ্বাস বাস্তবায়নে ব্যর্থ হলে এ বিষয়ে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশাসনকে দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ক্যাম্পাসে তাঁদের প্রবেশ ও নিরাপদে বের হওয়ার সঙ্গে কারা জড়িত, তা প্রকাশ করতে হবে।’
ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে চলমান বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব ও প্রতিনিধিত্বশীল সিনেট গঠনের লক্ষ্যে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছি। কোনো অপকৌশলের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্রশিবির তার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।’







আপনার মতামত লিখুন