চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘গ্রীন ভয়েসের’ পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস-সংলগ্ন পাহাড়ি এলাকার আশপাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ক্যাম্পাস-সংলগ্ন স্থানীয় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় করণীয় এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
এ সময় গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকারসহ সংগঠনের বিভিন্ন সম্পাদকীয় দায়িত্বে থাকা নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি পরিবেশ রক্ষায় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের সচেতন হওয়া জরুরি। পরিবেশ রক্ষায় গ্রীন ভয়েসের এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সূত্রে জানা গেছে, ভবিষ্যতে ক্যাম্পাসের বিভিন্ন অপরিচ্ছন্ন স্থান চিহ্নিত করে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।







আপনার মতামত লিখুন