চবি’র মাস্টারদা সূর্যসেন হল সংসদের উদ্যোগে রিডিং রুম ও মেডিসিন কর্নার উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টারদা সূর্যসেন হল সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের সুবিধার্থে নবনির্মিত রিডিং রুম ও মেডিসিন কর্নার উদ্বোধন করা হয়েছে।
হল সংসদের আমন্ত্রণে রিডিং রুম ও মেডিসিন কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। এ সময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম শামসুল হুদা, হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব, জিএস তাসিনসহ হল সংসদের সব সম্পাদক ও সংশ্লিষ্টরা।

উদ্বোধনকালে উপ-উপাচার্য ও প্রভোস্ট হলের শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করা এবং জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে রিডিং রুম ও মেডিসিন কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় হল সংসদের ভিপি মো. তাজীম ইবনে হাবিব হলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা উপ-উপাচার্য ও প্রভোস্টের কাছে তুলে ধরেন। তিনি হলের অবকাঠামো, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও অন্যান্য চলমান সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
হল সংসদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণ ও আবাসিক পরিবেশের উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।








আপনার মতামত লিখুন