ইবিতে চালু হবে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট,শেখানো হবে জাপানি-চীনা ভাষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট হিসেবে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে আধুনিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালুর অনুমোদন নেয়া হয়েছে। এখানে জাপানি ও চীনা ভাষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, ইবিতে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব, আইআইইআর সংলগ্ন পুকুর পাড় বাঁধায় করে ওয়াকিং ওয়ে নির্মাণ, ডরমিটরির পরিত্যক্ত ভবনকে সংস্কার করে ছাত্রীদের জন্য আবাসিকতা বরাদ্দ দেয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি এবং ডিবেটিং স্পেস তৈরির চেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলি, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম,ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ সকল সাংবাদিক সদস্যবৃন্দ।








আপনার মতামত লিখুন