চবির বিজয় ২৪ হলের ৮৫ শিক্ষার্থীকে নিয়ে কক্সবাজার ট্যুর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হল সংসদের উদ্যোগে প্রথমবারের মতো ৮৫ জন শিক্ষার্থীকে নিয়ে কক্সবাজার ট্যুর অনুষ্ঠিত হয়েছে। গত ২ ও ৩ অক্টোবর দুই দিন এক রাতব্যাপী ‘বিজয় ২৪ সমুদ্র বিলাস, কক্সবাজার আনন্দ ভ্রমণ ২০২৬’ শীর্ষক এ আয়োজন করা হয়।
হল প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ভ্রমণে হলের প্রভোস্ট, হাউস টিউটর ও স্টাফসহ প্রায় ৮৫ জন আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী অংশ নেন। এতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় মাত্র ১ হাজার ২০০ টাকা শুভেচ্ছা ফি। ভ্রমণ প্যাকেজে ছয় বেলার খাবারও অন্তর্ভুক্ত ছিল।
শিক্ষার্থীদের একাডেমিক ব্যস্ততার পাশাপাশি মানসিক প্রশান্তি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ভ্রমণে অংশগ্রহণকারীরা সুগন্ধা, কলাতলী ও ইনানী সমুদ্রসৈকত, হিমছড়ি এবং পাটুয়ারটেক ঘুরে দেখেন।
২ অক্টোবর সকালে বিজয় ২৪ হল থেকে যাত্রা শুরু করে কক্সবাজারে পৌঁছানোর পর সমুদ্রসৈকত ঘুরে দেখেন শিক্ষার্থীরা। রাতে ‘ডিনার উইথ কালচারাল নাইট’ শীর্ষক অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরদিন সকালে সমুদ্রসৈকতে সূর্যোদয় উপভোগের পর হিমছড়ি, ইনানী ও পাটুয়ারটেক ভ্রমণ করেন তাঁরা। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করেন অংশগ্রহণকারীরা। সফরের শেষ পর্বে র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজয় ২৪ হল সংসদের ভিপি সানু আক্তার নদী বলেন, ‘প্রথমবারের মতো এতগুলো শিক্ষার্থী, বিশেষ করে এত সংখ্যক নারী শিক্ষার্থীকে নিয়ে ভ্রমণের আয়োজন করা মোটেও সহজ ছিল না। একদিকে নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে এ ধরনের আয়োজনের পূর্ববর্তী কোনো প্রচলন না থাকায় সীমিত অর্থের মধ্যে ফান্ড ম্যানেজ করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি এবং হল প্রশাসনের সহযোগিতায় সফলভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি।’
তিনি আরও বলেন, হল সংসদের সদস্যদের পরিশ্রমের পাশাপাশি প্রভোস্ট অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন ও সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক আকিকুল হকের সহযোগিতা ও দিকনির্দেশনা আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সানু আক্তার নদী বলেন, ‘এক বছর আগেও একটি হল ট্যুর আয়োজন আমাদের কাছে কল্পনার বাইরে ছিল। আজ সেটি বাস্তবে রূপ দিতে পেরে আমরা আনন্দিত। বিজয় ২৪ হলের ইতিহাসে প্রথমবারের মতো হল ট্যুর আয়োজনের এই সূচনা ভবিষ্যতের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমরা আশাবাদী।’
আয়োজক সূত্রে জানা গেছে, ‘বিজয় ২৪ সমুদ্র বিলাস, কক্সবাজার আনন্দ ভ্রমণ ২০২৬’-এর টাইটেল স্পন্সর ছিল ফিউচারিস্টিক বিডি (FuturisticBD)। আয়োজকেরা জানান, শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থীবান্ধব আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।








আপনার মতামত লিখুন