হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কলকাতায় গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়।
তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে এসে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। তদন্তকারীদের মতে, হামলাকারীদের একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হামলার পেছনে কোনো ধরনের অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে এবং সম্ভাব্য অর্থ স্থানান্তর বা গোপন করার চেষ্টা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আইন প্রয়োগকারী সংস্থাগুলো হাদিকে গুলি করার ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। একই সঙ্গে আর্থিক গোয়েন্দা কর্তৃপক্ষ মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র খতিয়ে দেখছে।
এর আগে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে গত ৬ জানুয়ারি ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তবে মামলার বাদী ১৫ জানুয়ারি ওই অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং প্রতিবেদন দাখিল করতে বলেন। তবে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ইতোমধ্যে ছয় দফা পিছিয়েছে।








আপনার মতামত লিখুন