কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ভোট গণনা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে শরীফুল আলম ১,৫২২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পান ১৯৭ ভোট, বাতিল হয় ১২০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পান ১,১৫৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল পান ৬১১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে সাজ্জাদুল হক পান ৭টি এবং শফিকুল আলম রাজন পান ৩০ ভোট। এ পদে বাতিল হয় ৩৩টি ভোট।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটি মিলে সর্বমোট ২,০৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোটগ্রহণ চলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৬ সালে শহরের গাইটালে অতিথি কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেই সম্মেলনে শরীফুল-মাজহারুল কমিটি গঠিত হয়েছিল। তবে সেবার কাউন্সিল শেষে নাম ঘোষণা করতে কেন্দ্রকে অপেক্ষা করতে হয়েছিল তিন সপ্তাহ। এবার সরাসরি ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ হলো। এতে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সরাসরি সমর্থনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত বলে জানা গেছে।







আপনার মতামত লিখুন