১২ জুলাই থেকে মাছরাঙায় শুরু হচ্ছে ‘এক পাতিলের সংসার’
যৌথ পরিবারের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শামীম জামান।
আগামী ১২ জুলাই থেকে দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
নাটকটির গল্প প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘এক পাতিলের সংসার’ মূলত একটি যৌথ পরিবারের গল্প। পরিবারের কর্তা চান, কোনো অবস্থাতেই যেন পরিবারের সদস্যরা আলাদা না হয় এবং সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করে।
তিনি জানান, পরিবারের সদস্যদের মধ্যে চাচা-চাচি, চাচাতো ভাই-বোনসহ সবার উপস্থিতি থাকলেও সংসার ভাঙার সূত্রপাত ঘটে মেজো ছেলের চরিত্রকে ঘিরে, যেখানে অভিনয় করেছেন মোশাররফ করিম। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সে পরিবার থেকে আলাদা হতে চায়, আর সেখান থেকেই গল্পের মূল দ্বন্দ্বের শুরু।
শামীম জামান আরও বলেন, পারিবারিক টানাপোড়েনের পাশাপাশি নাটকে প্রেম, সামাজিক দ্বন্দ্ব এবং পারিপার্শ্বিক নানা ঘটনা উঠে এসেছে। পরিবারের শত্রুপক্ষের মানুষের সঙ্গে পরিবারের ছেলে-মেয়েদের প্রেমের সম্পর্কও গল্পে নতুন মাত্রা যোগ করবে।
তিনি জানান, ১২ জুলাই থেকে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে। প্রথম ধাপে ১০৪ পর্ব নির্মাণ করা হয়েছে। দর্শকপ্রিয়তা ও সাড়া বিবেচনায় পরবর্তীতে আরও ১০৪ পর্ব যোগ করে মোট ২০৮ পর্ব বা তারও বেশি নির্মাণ করা হতে পারে।







আপনার মতামত লিখুন