চবি বিজয় ২৪ হলে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হল সংসদ ও হল প্রশাসনের যৌথ উদ্যোগে নারী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রথমবারের মতো ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিজয় ২৪ হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তিনি এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী দক্ষতা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মনির্ভরশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, কর্মশালার লক্ষ্য হলো নারী শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধি করা, যাতে তারা ভবিষ্যতে এসব দক্ষতাকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগাতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইসমত আরা হক, বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষক শারমিন আক্তার, চাকসুর সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনি, স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরান, কর্মশালার প্রশিক্ষক নুসরাত জাহান, হল সংসদের ভিপি সানু আক্তার (নদী), এজিএস শাম্মী আক্তার সুরভী, দপ্তর সম্পাদক আবিদা সুলতানা, স্বাস্থ্য সম্পাদক সানজিদা শারমিন তৃষা এবং নির্বাহী সদস্য রেহানা আক্তার।
কর্মশালার সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন হল সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক তাহিয়া রহমান নুহা।








আপনার মতামত লিখুন