খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্টারপ্ল্যানের আগেই জাবিতে ২৫ কোটি টাকার সড়ক প্রকল্প, সমন্বয় নিয়ে প্রশ্ন

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
মাস্টারপ্ল্যানের আগেই জাবিতে ২৫ কোটি টাকার সড়ক প্রকল্প, সমন্বয় নিয়ে প্রশ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান থাকলেও এর সঙ্গে সমন্বয় ছাড়াই প্রায় ২৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্নির্মাণ, ফুটপাত ও পৃথক সাইকেল লেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টারপ্ল্যান প্রণয়ন কমিটির (টিএমসি) সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকল্পটির পরিকল্পনা প্রণয়নে তাদের মতামত বা পরামর্শ নেওয়া হয়নি।

অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ৮ দশমিক ৫৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও উন্নয়ন করা হবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে আগামী ৯ সেপ্টেম্বর।

তবে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার আগেই বড় ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাবিদ শিক্ষক ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা। তাদের আশঙ্কা, সড়ক, পানি নিষ্কাশন, যানবাহন চলাচল, জলাশয় ও সবুজ অঞ্চলকে সমন্বিতভাবে বিবেচনা না করে পৃথক প্রকল্প বাস্তবায়ন করলে ভবিষ্যতে মাস্টারপ্ল্যান বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।

টিএমসি কমিটির একাধিক সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিকল্পনার সঙ্গে সড়ক ও যোগাযোগব্যবস্থা সরাসরি সম্পর্কিত। ফলে মাস্টারপ্ল্যানের নকশার সঙ্গে সমন্বয় ছাড়া নির্মাণকাজ করা হলে পরবর্তীতে পরিকল্পনার বিভিন্ন অংশ সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। প্রকল্পটির আগে কোনো সম্ভাব্যতা সমীক্ষা বা সমন্বিত মূল্যায়ন হয়েছে কি না, সে বিষয়েও তারা অবগত নন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি অদ্রি অংকুর বলেন, “জাহাঙ্গীরনগরের রাস্তা, জলাশয়, বনাঞ্চল ও অন্যান্য অবকাঠামো একটি সমন্বিত বাস্তুতন্ত্রের অংশ। একটি জায়গায় অপরিকল্পিত হস্তক্ষেপ অন্য জায়গায় কী প্রভাব ফেলবে, তা বিবেচনা করেই উন্নয়ন করা উচিত।”

বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের অন্য অংশের সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, “আমরা ফুটপাত বা নিরাপদ চলাচলের বিরোধিতা করছি না। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কি প্রতিটি প্রশাসনের আলাদা প্রকল্পে হবে, নাকি দীর্ঘমেয়াদি একটি মাস্টারপ্ল্যানের ভিত্তিতে হবে?”

তিনি বলেন, “জাহাঙ্গীরনগরের সবচেয়ে বড় পরিচয় তার প্রাণ-প্রকৃতি। উন্নয়নের নামে গাছ কাটা বা প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে সেই উন্নয়ন টেকসই হবে না।”

জাবি ছাত্রফ্রন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, “মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ শুরু হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও সেটিকে অগ্রাধিকার না দিয়ে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। অতীতের মতো অবকাঠামোকেন্দ্রিক অপরিকল্পিত উন্নয়নের ধারাবাহিকতা আমরা দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর আলোচনা হয়নি। নির্মাণকাজে ক্যাম্পাসের কোনো গাছ বা প্রাণ-প্রকৃতির ক্ষতি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।”

এ বিষয়ে জাকসুর পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক শাফায়েত মীর বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি কমানো ও সড়ক দুর্ঘটনা রোধে প্রকল্পটি নেওয়া হয়েছে। এখন কাজ শুরু না হলে বরাদ্দের অর্থ সরকারের কোষাগারে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

মাস্টারপ্ল্যান প্রণয়ন কমিটির সঙ্গে সমন্বয় না হওয়ার বিষয়টি আগে জানা ছিল না উল্লেখ করে তিনি বলেন, “কাজ চলমান রেখেই টিএমসি কমিটির সঙ্গে সমন্বয়ের দাবি জানাব।”

জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। নির্মাণকাজে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা