এক্সে চালু হলো ‘অ্যাকাউন্ট সম্পর্কে’ ফিচার
ব্যবহারকারীদের পরিচয় যাচাইয়ে স্বচ্ছতা বাড়াতে নতুন উদ্যোগ প্ল্যাটফর্মটির
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার) ব্যবহারকারীদের তথ্য আরও স্বচ্ছভাবে তুলে ধরতে ‘অ্যাকাউন্ট সম্পর্কে’ (About Account) নামে নতুন একটি ফিচার চালু করেছে। ধাপে ধাপে রোলআউট হওয়া এই ফিচারের মাধ্যমে জানা যাবে— অ্যাকাউন্টের নিবন্ধিত অবস্থান, অ্যাকাউন্ট তৈরির তারিখ, কতবার নাম পরিবর্তন করা হয়েছে এবং কোন মাধ্যম থেকে এক্স অ্যাপ ডাউনলোড করা হয়েছে।
গত অক্টোবরে এক্সের মালিক ইলন মাস্কের উদ্যোগে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালুর ঘোষণা দেওয়া হয়। এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিটা বিয়ার জানান, শুরুতে নিজের অ্যাকাউন্টসহ প্রতিষ্ঠানের কর্মীদের প্রোফাইলে এই তথ্য দেখা যাবে। এর মূল উদ্দেশ্য— প্ল্যাটফর্মে ভুয়া সম্পৃক্ততা কমানো এবং ব্যবহারকারীদের জানান দেওয়া যে তারা প্রকৃত ব্যক্তির সঙ্গে কথা বলছেন, নাকি কোনো বট বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন।
বট শনাক্তে সহায়ক হবে নতুন ফিচার
সাম্প্রতিক সময়ে গবেষক ও ব্যবহারকারীরা অভিযোগ করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর বট অ্যাকাউন্ট শনাক্ত করা কঠিন হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের ধারণা, অ্যাকাউন্টের অবস্থান বা নাম পরিবর্তনের ইতিহাস দেখা গেলে সন্দেহজনক অ্যাকাউন্ট চিহ্নিত করা সহজ হবে।
উদাহরণ হিসেবে, যদি কোনো অ্যাকাউন্টের প্রোফাইলে ‘যুক্তরাষ্ট্র’ লেখা থাকে কিন্তু নতুন ফিচার দেখায় যে ব্যবহারকারী অন্য দেশে অবস্থান করছেন, তাহলে সেটি সন্দেহের কারণ হতে পারে।
কীভাবে দেখা যাবে তথ্যগুলো
এক্সের ‘Join Date’ বা ‘যোগদান তারিখ’-এ ক্লিক করলেই ব্যবহারকারী একটি নতুন পাতায় প্রবেশ করবেন। সেখানে দেখা যাবে— অ্যাকাউন্ট খোলার তারিখ, নিবন্ধিত অবস্থান, কতবার নাম পরিবর্তন করা হয়েছে, এক্স অ্যাপ ইনস্টলেশনের উৎস।
তবে এখনই সব ব্যবহারকারী অন্যদের প্রোফাইলে এই তথ্য দেখতে পাচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীরা আগে নিজেদের তথ্য যাচাই করে নিতে পারেন— সেই সুযোগ দিতে এই সীমাবদ্ধতা রাখা হয়েছে। ব্যবহারকারী চাইলে দেশ না দেখিয়ে অঞ্চল বা মহাদেশও প্রদর্শন করতে পারবেন।
ভিপিএন শনাক্তেও আসছে সতর্কবার্তা
অ্যাপের কোড বিশ্লেষণ করে এক গবেষকের দাবি, এক্স আরও একটি নতুন ফিচার পরীক্ষা করছে, যা ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সতর্কবার্তা দেখাবে— ব্যবহারকারীর প্রদর্শিত দেশ বা অঞ্চল সঠিক নাও হতে পারে।
এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নিকিটা বিয়ার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ধীরে ধীরে আরও ব্যবহারকারী ‘অ্যাকাউন্ট সম্পর্কে’ ফিচারটি দেখতে পাবেন।







আপনার মতামত লিখুন