ইবিতে সিআরসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইবি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিআরসি ইবি শাখার সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সেক্রেটারিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং ড. মুহাম্মাদ অলী উল্যাহ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা। পরে সিআরসি পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন, “আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আশপাশে এমন অনেক শিশু রয়েছে, যারা এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের পাশে দাঁড়ানোই সিআরসি ইবি শাখার প্রথম ও প্রধান দায়িত্ব। আমাদের সবার উচিত এসব শিশুকে আপন করে নেওয়া এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে আসা।”
তিনি আরও বলেন, “তোমাদের এই মানবিক কার্যক্রম যদি আগামী ১০ বছরও অব্যাহত থাকে, তাহলে ক্যাম্পাসের আশপাশে অভিভাবকহীন ও সুযোগ-সুবিধাবঞ্চিত কোনো শিশু থাকবে না—এটাই আমাদের প্রত্যাশা।”
সভায় বক্তারা সিআরসির চলমান কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।







আপনার মতামত লিখুন