ছোট ভুলেই হারাতে পারেন ফেসবুক মনিটাইজেশন
ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের পথ এখন আগের চেয়ে সহজ হলেও সামান্য একটি ভুলেই বন্ধ হয়ে যেতে পারে মনিটাইজেশন সুবিধা। কনটেন্ট নীতিমালা, কপিরাইট, স্প্যাম আচরণ বা মৌলিকতার অভাব— যেকোনো কারণে ফেসবুক পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন স্থগিত হতে পারে। তাই এসব নিয়ম জানা ও মেনে চলা অপরিহার্য।
মনিটাইজেশন হারানোর প্রধান কারণসমূহ
১. কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন
সহিংসতা, ঘৃণা ছড়ানো বক্তব্য, যৌন উত্তেজক কনটেন্ট বা বর্ণবাদী মন্তব্য— এসব পোস্ট সরাসরি নীতিমালা লঙ্ঘন হিসেবে গণ্য হয়। একইভাবে মারামারি, দুর্ঘটনা বা খুনের মতো সংবেদনশীল ভিডিও শেয়ার করলেও আয় ঝুঁকিতে পড়ে।
২. কপিরাইট সমস্যা
অন্যের ছবি, ভিডিও বা গান অনুমতি ছাড়াই ব্যবহার করা কপিরাইট লঙ্ঘন। অন্যের কনটেন্ট এডিট করে নিজের নামে প্রকাশ করাও মনিটাইজেশন স্থগিত হওয়ার অন্যতম কারণ।
৩. স্প্যাম বা বিভ্রান্তিকর কনটেন্ট
অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ, ক্লিকবেট শিরোনাম, বিভ্রান্তিকর তথ্য— এসবকে স্প্যাম হিসেবে ধরা হয়। ভুয়া লাইক/ফলোয়ার কেনা বা বট ব্যবহার করলেও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ফেসবুক।
৪. মৌলিক কনটেন্টের ঘাটতি
ফেসবুক মৌলিক কনটেন্টকে অগ্রাধিকার দেয়। একই ধরণের কনটেন্ট বারবার আপলোড করা বা অন্যের ভিডিও এডিট করে প্রকাশ করলে মনিটাইজেশন হারাতে পারেন।
৫. ভিডিওর দৈর্ঘ্য সমস্যা
রিলস বা শর্ট ভিডিও ১৫ সেকেন্ডের কম হলে সেগুলো অধিকাংশ সময় মনিটাইজেশনযোগ্য থাকে না। ফলে অনেক নির্মাতা অজান্তেই নিয়ম লঙ্ঘন করেন।
সমাধান কী?
মনিটাইজেশন বন্ধ হলে প্রথমেই কারণ জানতে হবে। সাধারণত ফেসবুক ইমেইলে বিস্তারিত জানায়। সেখান থেকে ভুল শনাক্ত করে আপিল করা যায়।
সঠিক, মৌলিক এবং নীতিমালা–সম্মত কনটেন্ট তৈরি করাই দীর্ঘমেয়াদে আয় ধরে রাখার সেরা উপায়। নিয়ম মেনে কাজ করলে ফেসবুকে আয়ের পথ থাকে স্বচ্ছ ও ঝামেলামুক্ত।







আপনার মতামত লিখুন