সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য

একটি পরিষ্কার ও সুন্দর ক্যাম্পাস আমাদের মানসিক প্রশান্তির পাশাপাশি পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করতে সাহায্য করে। নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার প্রত্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) এবং রোভার স্কাউটের যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মাঝে এমন সামাজিক ও সেবামূলক মানসিকতা গড়ে উঠলে তা সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের গঠনমূলক কার্যক্রমে সবসময় পাশে থাকবে। বিএনসিসি ও রোভার স্কাউটসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই ধরনের কার্যক্রম শুধু প্রতীকী নয়, বরং আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হবে।”
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এছাড়া বিএনসিসি ও স্কাউটসের কর্মকর্তা ও সদস্যরা এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচির শুরুতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।






আপনার মতামত লিখুন